বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ও স্থানীয়রা
দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি ও স্থানীয়রা

রনজিৎ সরকার রাজ : পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করেছে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বৃক্ষরোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহ করে, পরিবেশ শীতল রাখে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউএনও আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

এ সময় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA