মুক্তমন রিপোর্ট : যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
রোববার (৪ অক্টোবর) বার্তা সংস্থা নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে নতুন প্রস্তাব দিয়েছে। তবে গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সঙ্গে তাদের আলোচনার অবস্থানের পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ঘালিবাফ বলেন, একপাক্ষিক দাবি জানানো এবং আলোচনা দীর্ঘায়িত করার সময় শেষ হয়েছে। জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ় বলেও জানান তিনি।
এর আগে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন সেটি মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান তাদের শর্তগুলো স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে সেসব শর্ত মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে। তবে ওয়াশিংটন আবার সামরিক পদক্ষেপের পথে এগোলে ইরান আগের চেয়ে বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Muktomon/TA