রাজশাহীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

রাজশাহীর তানোরে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়।
রাজশাহীর তানোরে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়।

মুক্তমন রিপোর্ট : রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা সেখানে আগুন দেয়। এতে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র পুড়ে যায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, তারাই কার্যালয়টিতে আগুন দিয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করে। এতে ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।