সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মধ্যে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা।

বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, অপসারিত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

চুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন উপাচার্য নিয়োগের খবর প্রকাশের পরই এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা।

আন্দোলনে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হওয়ার পরও রাত ১১টার দিকে বেশ কয়েকজন ছাত্রী হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। পরে তারা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন এবং ভবনটিতে তালা ঝুলিয়ে দেন।

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফাহমিদা নুসাইবা বলেন, তাদের দৃষ্টিতে অধ্যাপক সায়েম শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। তাকে দ্রুত পুনর্বহালের দাবি জানান তিনি।

তালা দেওয়ার পর আয়োজিত সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা দিয়েছেন এবং অধ্যাপক সায়েম ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় তাকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

Muktomon/TA