মুক্তমন রিপোর্ট : আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য সেরা পরিচালনার ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’।
সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের নানা দিক তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। প্রযোজক মনোজ প্রামাণিক এবং সহযোগী প্রযোজক ক্রিস্টোফ থোকে।
‘সাঁকোটা দুলছে’ সিনেমায় অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।
চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি ছবিটি ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে।
Muktomon/TA