সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ-অভিষেককে হত্যার হুমকি

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের ছবি।
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের ছবি।

মুক্তমন রিপোর্ট : বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্যাংস্টার গোল্ডি ঢিলনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তাদের লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে পোস্টটির সত্যতা এবং এতে করা দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ওই পোস্টে গোল্ডি ঢিলন দাবি করেছেন, তার দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও তাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে বলেও পোস্টে দাবি করা হয়।

একই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছে। সেখানে অমিতাভ বচ্চন ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না।

এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর পরিকল্পনায় তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত তথ্য প্রকাশিত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এসব ঘটনার পর বাড়িটির নিরাপত্তা জোরদার করা হয়।

নিরাপত্তার অংশ হিসেবে ভক্তদের সঙ্গে দেখা করার নিয়মিত আয়োজনেও পরিবর্তন এনেছেন অমিতাভ। গত ১ নভেম্বর তিনি বাড়ির বাইরে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে ভক্তদের দেখা দেন।

Muktomon/TA