মুক্তমন রিপোর্ট : ডেঙ্গুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে প্রচারণা চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
সোমবার (২ নভেম্বর) জেলার কমলাপুর ইউনিয়নে এ সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচিতে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং আশপাশের এলাকায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এডিস মশার বংশবিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বক্তারা আরও বলেন, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী জেলা সভাপতি ও তরুণ জলবায়ু কর্মী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেহেদী হাসান রিফাত, লিমন সিকদার, আফিয়া রহমান, নাহিদ আহমেদ, দিদারুল ইসলাম রিফাত, মারুফ ইসলাম ও সোহানা হোসাইনসহ অন্য সদস্যরা।
ক্যাম্পেইনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
Muktomon/TA