নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে এক শিশুসহ ২ জন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হাসপাল সূত্রে জানানো হয়েছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা বিষয়ে তদারকি করেন। তিনি জানান, হতাহতরা বিআরটিএ আইন অনুযায়ি দূর্ঘটনায় সহায়তা পাবেন। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দূর্ঘটনা রোধে কার্যকরী উদ্যোগ নেয়ার কথা বলেন।