ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মরদেহ

জিজ্ঞাসাবাদের জন্য এমপি ও প্রথম স্ত্রী থানায়

জিজ্ঞাসাবাদের জন্য এমপি ও প্রথম স্ত্রী থানায়

মুক্তমন রিপোর্ট : রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানান।

তিনি বলেন, তদন্তের স্বার্থে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গত জুলাইয়ে গাজী নজরুল ইসলামকে ঘিরে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। ওই ঘটনার পর ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।