মুক্তমন রিপোর্ট : সিলেটে পৃথক অভিযানে দুই দিনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজন, জকিগঞ্জে মিছিল-সমাবেশসংক্রান্ত মামলায় একজন এবং মহানগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ও শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে ওসমানীনগরের কাশিকাপন তেরমাইল এলাকায় ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়। পরদিন শনিবার সকালে একই ঘটনায় আরও চারজনকে আটক করা হয়।
আটক সাতজন হলেন—সুফিয়ান আহমদ (২৬), মো. রুহেল আরমান (২৬), মো. রমজান হোসেন (২৬), মো. তোফাজ্জল হোসেন (২৫), সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) ও হৃদয় পাল (২০)।
এদিকে শুক্রবার রাতে সিলেট মহানগরের নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমদ (২১) নামে একজনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিলসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রাম থেকে খালেদ আহমদ (২৬) নামে আরও একজনকে আটক করা হয়। পুলিশ জানায়, ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। খালেদ বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Muktomon/TA