বিনোদন ডেস্ক : অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজের ব্যস্ততার বাইরে নিজের পছন্দমতো জীবন কাটাচ্ছেন তিনি। কখনো পরিবার ও বন্ধুদের সঙ্গে, আবার কখনো একাই ঘুরে বেড়ান দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়।
সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে কালো পোশাক ও সানগ্লাসে প্রকৃতির মাঝে দেখা যায় তাঁকে। ছবিগুলোতে প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি এক আকর্ষণীয় স্থানের দৃশ্যও উঠে এসেছে।
প্রভার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, বর্তমানে তিনি শ্রীলঙ্কায় ভ্রমণ করছেন। সেখানে দেশটির বিখ্যাত স্থাপনা ‘নাইন আর্চ ব্রিজ’-এ ছবিগুলো তুলেছেন অভিনেত্রী। পাহাড়ি শহর এলা ও ডেমোদরা রেলস্টেশনের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক এই সেতু পর্যটকদের কাছে বেশ পরিচিত।
সেতুর ওপর বসে, দাঁড়িয়ে কিংবা পেছনে সেতুটিকে রেখে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন প্রভা। তাঁর প্রকাশিত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।
জানা গেছে , অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় যান এই অভিনেত্রী। গত ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্রসৈকত থেকে ভিডিও বার্তা প্রকাশ করে একা ভ্রমণের অভিজ্ঞতার কথা জানান তিনি।
ভিডিওতে প্রভা বলেন, একা ঘুরতে তাঁর বিরক্ত লাগে না। কারণ, যেসব জায়গায় তিনি ভ্রমণ করেন, সেগুলোতে অনেক হাঁটতে হয়। তাঁর বন্ধুরা এতটা হাঁটাহাঁটি করতে চান না বলে নানা অজুহাত দেখান। এ কারণে বন্ধুদের ছাড়াই একা ঘুরতে বের হন তিনি।
ভ্রমণের প্রতি আগ্রহ এবং নিজের মতো করে সময় কাটানোর অভ্যাসের কারণে প্রায়ই আলোচনায় আসেন সাদিয়া জাহান প্রভা।
Muktomon/TA