ডার্ক কমেডি সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে তাসনিয়া ফারিণ

‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের ফার্স্টলুকে বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ।
‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের ফার্স্টলুকে বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ।

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ নিয়ে ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ডাকাতিয়া বাঁশি’ নামের সিরিজটিতে তাঁকে দেখা যাবে ক্যামেলিয়া চরিত্রে। মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

প্রকাশিত ছবিতে বিয়ের সাজে পিস্তল হাতে দেখা গেছে ফারিণকে। অন্য একটি ছবিতে তাঁর পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সহশিল্পী ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে। ছবিগুলো সিরিজটির গল্পে রহস্যের আভাস দিয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

সিরিজে নিজের চরিত্র প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, তাঁর চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটিও কিছুটা আলাদা। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে চরিত্রটির মধ্যেও রয়েছে নানা ডার্ক উপাদান।

ফারিণ জানান, এর আগে তাঁর কমেডি সিরিজে অভিনয় করা হয়নি। ওটিটিতে থ্রিলার ও মার্ডার মিস্ট্রির কাজ বেশি হওয়ায় এবার নতুন অভিজ্ঞতার জন্য ডার্ক কমেডি বেছে নিয়েছেন। 

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, সিরিজটির নির্মাণপ্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং। প্রতিটি পর্বে ক্লিফহ্যাঙ্গার ও গল্পের বিভিন্ন স্তর রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। শেষ পর্যন্ত অনেক টুইস্টসমৃদ্ধ একটি গল্প পেয়েছেন বলে জানান তিনি। ডার্ক কমেডি তাঁর পরিচিত ঘরানা উল্লেখ করে নির্মাতা বলেন, এবারও সেই চ্যালেঞ্জ নিয়েছেন।

অভিনেতা পার্থ শেখ জানান, সিরিজে তাঁর চরিত্রে ভিন্নতা রয়েছে। অন্যদিকে আরফান মৃধা শিবলু বলেন, তাঁর চরিত্রটি একেক সময় একেক রকম মনে হবে। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেলসহ অনেকে। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘ডাকাতিয়া বাঁশি’।

Muktomon/TA