বিনোদন ডেস্ক : নভেম্বরের বৃষ্টির আবহে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার। আগাম কোনো ঘোষণা ছাড়াই সোমবার (৯ নভেম্বর) রাতে নিজের ইউটিউব চ্যানেলে ‘মনে বৃষ্টি’ শিরোনামের গানটি প্রকাশ করেন তিনি।
নভেম্বরের শুরু থেকেই বৃষ্টির অপেক্ষায় ছিলেন অনেকেই। সোমবার সন্ধ্যায় বৃষ্টির পর রাজধানীর আবহাওয়ায় শীতের আমেজও অনুভূত হয়। এমন এক সন্ধ্যার পর ঈশানের নতুন গান প্রকাশ শ্রোতাদের সামনে নিয়ে এসেছে বিষণ্ণতা ও স্মৃতিমাখা এক অনুভূতি।
‘মনে বৃষ্টি’ গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই। সংগীত প্রযোজনায় রয়েছেন জুনায়েদ দেওয়ান সৌরভ। গানটির অ্যানিমেটেড ভিডিও নির্মাণ করেছেন পার্থ দিবস চৌধুরী।
গানটি প্রকাশের ভাবনা জানিয়ে ঈশান বলেন, সোমবারের বৃষ্টিতে তাঁর মনেও বিষণ্ণতা তৈরি হয়েছিল। কোনো এক মন খারাপের রাতে গানটি তৈরি করেছিলেন তিনি। ভেবেছিলেন, হঠাৎ কোনো বৃষ্টির রাতে গানটি প্রকাশ করবেন। তাঁর ভাষায়, চোখের বৃষ্টি একসময় থেমে গেলেও মনের বৃষ্টি থেকে যায় বহুদিন। সেই অনুভূতির খবর অনেক সময় কেউ রাখে না।
নভেম্বরের বৃষ্টির প্রসঙ্গ এলেই স্মরণে আসে মার্কিন রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেসের জনপ্রিয় গান ‘নভেম্বর রেইন’। ১৯৯২ সালে প্রকাশিত গানটি দীর্ঘ সময় ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে। নভেম্বরের বৃষ্টিকে ঘিরে সংগীতপ্রেমীদের আলোচনায়ও গানটি নিয়মিত ফিরে আসে।
Muktomon/TA