চিতলমারীতে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন

চিতলমারীতে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা
চিতলমারীতে প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

মুক্তমন রিপোর্ট : বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামে মানবকল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশন’-এর নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ও মা-বাবার ঋণ ডিগ্রি কলেজের অধ্যাপক অজিত কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশীদ।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুষার কান্তি বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তৌহিদুর রহমান বাবু, অনাদী বড়াল, কাজী হিরণ, অনিন্দ বিশ্বাস টিটব, শিপলু শেখ, রাসেল শেখ, ঠাকুর মজুমদারসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা জানান, গোড়ানালুয়া গ্রামের বাসিন্দা নব কুমার মল্লিক ছিলেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন প্রিয়াংকা মল্লিক, যিনি পিংকি নামে পরিচিত ছিলেন। ২০০৫ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর অকালমৃত্যু হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা প্রবাসে চলে যান। ফ্রান্সপ্রবাসী তাঁর ভাই দেব নারায়ণ মল্লিক রাজের অর্থায়নে প্রয়াত বোনের স্মৃতিকে ধারণ করে স্থানীয়দের উদ্যোগে ‘প্রিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রিয়াংকার বাবা নব কুমার মল্লিক জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ফাউন্ডেশনটি ২০২৩ সালে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত হয়।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দরিদ্রদের চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, দুঃস্থ পরিবারের গৃহনির্মাণে সহায়তা, খাদ্য সহায়তা এবং বিভিন্ন উৎসব ও সামাজিক আয়োজনে সহযোগিতা।

বক্তারা বলেন, মানবতার কল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। নতুন কার্যালয়ের মাধ্যমে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Muktomon/TA