কানাডার সঙ্গে বৈঠকে শিক্ষার্থী ভিসা নিয়ে শামা ওবায়েদ

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে কানাডার প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে কানাডার প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন শামা ওবায়েদ। পাশাপাশি বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কানাডার ভূমিকার প্রশংসা করেন তিনি। কানাডায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রধানমন্ত্রীর পরিকল্পনা তুলে ধরেন তিনি। সৃজনশীল অর্থনীতির বিকাশে নারীদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন।

বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছেছে। ভবিষ্যতে বাণিজ্য আরও বহুমুখী করা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়নে কানাডার সহায়তার প্রশংসা করে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও আরও তিন বছর বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইতিবাচক।

ভিসা প্রক্রিয়া দ্রুত করার অনুরোধের পাশাপাশি অবৈধ অভিবাসন প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ। তাঁর মতে, এ উদ্যোগ দক্ষ অভিবাসনের সুযোগ বাড়াতে সহায়ক হবে।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে কানাডার অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কানাডার সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা, ১৯ নভেম্বরের আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন এবং প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখতে কানাডার সমর্থন কামনা করেন।

Muktomon/TA