মুক্তমন রিপোর্ট : সংস্কার ও বিচারের দাবি আদায় এবং ফ্যাসিবাদের আস্ফালনের প্রতিবাদে আগামী ডিসেম্বর মাসজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আন্দোলনের কর্মসূচি আগামী ১ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হলেও নির্বাচনের আট মাস পেরিয়ে যাওয়ার পরও দেশে স্থিতিশীলতা আসেনি। বরং ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারকে নতুন করে সংহতি সংলাপের উদ্যোগ নিতে হচ্ছে। অথচ গণ-অভ্যুত্থানের পর সংস্কার ও বিচার সম্পন্ন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ছিল।
দেশের বর্তমান পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে ইসলামী আন্দোলনের নীরব থাকার সুযোগ নেই। এ কারণে ডিসেম্বরজুড়ে রাজপথে কর্মসূচি পালন করবে দলটি।
Muktomon/TA