বিষাক্ত প্রেমের গল্পের বিপক্ষে বলিউড অভিনেতা আয়ুষ্মান

বিষাক্ত সম্পর্কের নেতিবাচক উপস্থাপনার পক্ষে মত দেওয়া বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।
বিষাক্ত সম্পর্কের নেতিবাচক উপস্থাপনার পক্ষে মত দেওয়া বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

মুক্তমন রিপোর্ট : প্রেমের সম্পর্কে সন্দেহ, অতিরিক্ত অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে রোমান্টিক আচরণ হিসেবে তুলে ধরার বিরোধিতা করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর মতে, বিষাক্ত সম্পর্ক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিজের অভিনীত সিনেমায় এমন সম্পর্কের গল্প থাকলেও সেটিকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে চান না তিনি।

সম্প্রতি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমার প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের চিত্রায়ণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আয়ুষ্মান।

অভিনেতা বলেন, বিভিন্ন ধরনের গল্পের জন্যই দর্শক রয়েছেন। তবে বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করে দেখানো তাঁর ব্যক্তিগতভাবে পছন্দ নয়। শিল্পী হিসেবে পর্দায় গল্পের বার্তা যথাযথভাবে তুলে ধরা জরুরি বলেও মনে করেন তিনি।

আয়ুষ্মানের ভাষ্য, কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখানোর সুযোগ নেই। বরং চরিত্রটির নেতিবাচক দিকগুলো স্পষ্টভাবে ফুটিয়ে তোলা উচিত। অন্য অভিনেতারা এ ধরনের গল্পে কাজ করতে চাইলে তাঁদের সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। তবে নিজে এমন উপস্থাপনার অংশ হতে আগ্রহী নন।

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রেও নিজের পছন্দ ও বিশ্বাসকে গুরুত্ব দেন আয়ুষ্মান। কোনো সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা থাকলেও গল্প ভালো না লাগলে সেটি ফিরিয়ে দিতে পারেন তিনি। অতীতেও এমন কয়েকটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান অভিনেতা।

তাঁর কাছে শুধু বক্স অফিসের সাফল্য নয়, বরং সিনেমার গল্প ও নিজের চিন্তাভাবনার মধ্যে সামঞ্জস্য থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।

Muktomon/TA