মুক্তমন রিপোর্ট : জামালপুরে ধর্ষণ মামলায় ইউনুছ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ইউনুছ আলী বিভিন্ন সময় ভুক্তভোগী নারীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই নারী পরিবারের সদস্যদের জানালে ইউনুছ আলী ক্ষুব্ধ হন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ইউনুছ আলী তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় একই বছরের ২৪ অক্টোবর ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।