গিয়াস রনি: নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। ডিএনসির দাবি, গ্রেপ্তার দুজন ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসছিলেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই ওয়ার্ডের শাহ আলমের নতুন বাড়ির মো. হারুনের ছেলে মো. জীবন (২২)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি-১১ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে বাসের ভেতর থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর ও জীবনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
নোয়াখালী প্রতিনিধি
Muktomon/TA