মিয়ানমারে ইউরিয়া সার পাচারের অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার

মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি।
মিরসরাইয়ে মিয়ানমারে পাচারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিন ব্যক্তি।

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর ব্যবহার করে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাবা ও তাঁর দুই ছেলে রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এক নেতার কার্যালয়েও অভিযান চালানো হয়। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬) এবং আরেক ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২)। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর উপজেলার ওসমানপুর এলাকা থেকে দুটি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন সার পাচারের পরিকল্পনা করেন। এ জন্য তাঁরা মহসিন সম্রাটের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় সহযোগিতা চান। পরে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার সংগ্রহ করে মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ ও বঙ্গোপসাগর রুটে মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় যুবদল নেতা শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা মহসিন সম্রাট ও ছাত্রদল নেতা ফারাবি হোসেনসহ আরও কয়েকজন জড়িত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি একটি চক্র উপকূলীয় বঙ্গোপসাগরকে সার পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। এর আগেও সার পাচারের কয়েকটি চালান আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Muktomon/TA