মুক্তমন রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির সাজেক সড়কে ডাকা অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দুই সংগঠনের ডাকা অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সাজেকের মাচলং বাজারেও দুর্গাপূজা উদযাপিত হবে।
নেতারা জানান, তাদের ডাকা অবরোধ কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একইভাবে কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও এ কর্মসূচি নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থে অবরোধের ডাক দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গোৎসবের পর প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
সাজেকবাসীর তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়নের মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দুই সংগঠনের নেতারা।
Muktomon/TA