গিয়াস রনি : ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিরিন গার্ডেন হলরুমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ও সামাজিক সংগঠনসহ মোট ৭৫টি প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মোমিত ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবিরহাট সরকারি কলেজের শিক্ষক মহিম চন্দ্র দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন, সহ-সভাপতি কামাল হোসেন সৌরভ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক আবদুল বাছেত হিরনসহ অন্যরা।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে কবিরহাট উপজেলার আরও শতাধিক প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা ও পৌরসভার ক্রীড়ানুরাগী ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী প্রতিনিধি
Muktomon/TA