১২৮ দেশের সমর্থনে প্রস্তাব গৃহীত

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য

File Photo
File Photo
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান; আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকাও প্রশংসিত

নিউইয়র্ক, ১৮ নভেম্বর : রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ৬টি দেশ, আর ৩৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

ভোটাভুটির আগে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার প্রায় এক দশক পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে তিনি তুলে ধরেন, দীর্ঘদিন ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসায় বাংলাদেশ এবং স্থানীয় জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাগত নানা চাপের মুখোমুখি হচ্ছে।

প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও সহিংসতার অভিযোগ তুলে ধরা হয়। একইসঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং দায়বদ্ধতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

এতে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন, রাজনৈতিক ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। ফলে এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং আঞ্চলিক অংশীদারদের আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা প্রয়োজন।

বক্তব্যে তিনি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলার গুরুত্বও তুলে ধরেন। তাঁর মতে, মামলাটির রায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার এবং দায়বদ্ধতা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে।

এদিকে প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। তবে ভোটের ব্যাখ্যায় দেশটি স্পষ্ট করে যে, মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

একইসঙ্গে এক দশকের বেশি সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ১২৮ দেশের সমর্থন শুধু রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগই তুলে ধরেনি, বরং সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান ও কূটনৈতিক প্রচেষ্টার প্রতিও বৈশ্বিক সমর্থনের প্রতিফলন ঘটিয়েছে।