মুক্তমন রিপোর্ট: তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, খুব শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।
এর আগে শ্রম ভবনে সকাল ১১টায় মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় পোশাক কারখানা মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব উপস্থাপনের বিষয়টি আলোচ্যসূচিতে ছিল।
ন্যূনতম মজুরি বোর্ডের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল, কারণ দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা গার্মেন্টস শ্রমিকদের জন্য মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। এর জবাবে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল এই সভায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান শ্রম অসন্তোষ, সামগ্রিক শ্রম পরিস্থিতি এবং অন্যান্য প্রশাসনিক কারণ সভা স্থগিতের পেছনে ভূমিকা রাখতে পারে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, মজুরি বোর্ডের চেয়ারম্যান তাকে সভা স্থগিত হওয়ার বিষয়টি আগে থেকেই অবহিত করেছিলেন।
গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। বোর্ডটি গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি হার সুপারিশ করার দায়িত্ব পালন করছে।
শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বর্তমান মজুরি কাঠামো পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং আবাসন, খাদ্য ও স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরি কাঠামো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্যদিকে মালিকপক্ষ প্রতিযোগিতামূলক রপ্তানি বাজার, উৎপাদন ব্যয় এবং শিল্পের সক্ষমতার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার পক্ষে মত দিচ্ছে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুধু শ্রমিকদের জীবনমানেই নয়, বরং দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ স্থিতিশীলতার ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন সংশ্লিষ্ট মহল নতুন বৈঠকের তারিখ এবং মালিকপক্ষের মজুরি প্রস্তাবের দিকে তাকিয়ে রয়েছে।