অনুপস্থিত চিকিৎসক বরখাস্তের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে রাজধানীর একটি ডায়াগনস্টিক সেন্টারে ধরা পড়েন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
স্বাস্থ্যমন্ত্রীর অভিযানে রাজধানীর একটি ডায়াগনস্টিক সেন্টারে ধরা পড়েন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

মুক্তমন রিপোর্ট:সরকারি কর্মস্থলে অনুপস্থিত থেকে রাজধানীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি দায়িত্ব পালনের সময় ওই চিকিৎসককে রোগী দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসকের নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়ার কথা জানান।

মন্ত্রী বলেন, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ একাধিকবার ডা. মইনুল হাসান চিশতীকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তার জবাব দেননি। সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে নিয়মিত বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখছিলেন।

তিনি আরও জানান, অভিযুক্ত চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারও পদত্যাগপত্রের সত্যতা যাচাই না করেই তাকে কাজ করার সুযোগ দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্বে অবহেলা এবং অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।