মুক্তমন রিপোর্ট: ইরানের সাবেক দুই নারী জাতীয় ফুটবলার ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন। রাজনৈতিক আশ্রয় নেওয়ার পাঁচ মাস পর বুধবার (৫ আগস্ট) ব্রিসবেনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর তারা অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দেশটির নাগরিকত্ব লাভ করেন।
এর আগে, গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ চলাকালে ফাতেমেহ পাসানদিদেহ ও আতেফেহ রামেজানিসাদেসহ কয়েকজন ইরানি ফুটবলার ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান। দেশে ফিরে সম্ভাব্য নির্যাতনের আশঙ্কায় তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।
পরবর্তীতে আশ্রয়প্রার্থীদের মধ্যে পাঁচজন আবেদন প্রত্যাহার করে ইরানে ফিরে গেলেও ফাতেমেহ ও আতেফেহ অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তারা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং দ্য অস্ট্রেলিয়ান এ তথ্য জানিয়েছে।