ক্রীড়া প্রতিবেদক : নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি পূরণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিল স্মৃতি। সেই আকুতির পরিপ্রেক্ষিতে তাঁর মায়ের হাতে মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য তাঁর মায়ের স্থায়ী চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন।
শুক্রবার মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, স্মৃতি কিসকুর পরিবারের আর্থিক বাস্তবতা বিবেচনায় তাঁর মায়ের জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্মৃতি ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য এনে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
এ সময় প্রতিমন্ত্রী জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কারপ্রাপ্ত সব খুদে ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।
তিনি বলেন, দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের উৎসাহিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।