কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সাইফুল আলম খান মিলন

কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: এমপি সাইফুল আলম খান মিলন

নিজস্ব প্রতিবেদক : কিশোরদের সঠিক যত্ন, পরিচর্যা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য মূল্যবান সম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

তিনি বলেন, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের সুস্থ, সবল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর বিজি প্রেস মাঠে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সাইফুল আলম খান মিলন বলেন, বর্তমান প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের অবসর সময়কে ফলপ্রসূ ও ইতিবাচক কাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা জরুরি।

তিনি আরও বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদন ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। নিয়মিত ক্রীড়া চর্চা শুধু শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও সহায়তা করে।

থানা আমীর কলিম উল্লাহর সভাপতিত্বে এবং অফিস ও যুব বিভাগ সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

এ ছাড়া ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উল্লাহ ভূঁইয়া হারুন, ঢাকা মহানগর উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা পারভেজ ফয়সাল, থানা সেক্রেটারি নুর উদ্দিন জাহিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট’-এ স্থানীয় আটটি ক্লাব অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে বাবলী যুব সংঘ ২-১ গোলের ব্যবধানে কুনিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।