মুক্তমন রিপোর্টার : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া দলে এসেছে অপ্রত্যাশিত পরিবর্তন। মাত্র এক টেস্ট পরই ১৩ সদস্যের স্কোয়াডে পরিবর্তন এনে জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে দলে ফেরানো হয়েছে ম্যাট রেনশকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে এমন ঘটনা খুব একটা দেখা যায়নি বলে এটিকে ‘অভূতপূর্ব’ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচকদের এমন সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। ওয়েদারাল্ডকে বাদ দেওয়ায় সহানুভূতি জানিয়ে ক্যারি বলেন, দল থেকে বাদ পড়া সবসময়ই কঠিন। তবে ক্রিকেটে এমন পরিস্থিতি আসতেই পারে।
ক্যারি বলেন, “দল থেকে যখন কেউ বাদ পড়ে, সেটা আসলে সবসময়ই কঠিন ব্যাপার। তবে এটাই ক্রিকেট। তাকে আমি বার্তা দিয়েছি এবং আমার সহানুভূতি জানিয়েছি। আশা করছি সে দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে এবং আমাদের আরও একটি ফাইনালে নিয়ে যেতে পারবে।”
ওয়েদারাল্ডের সামর্থ্যের প্রশংসা করে ক্যারি আরও বলেন, তার বয়স ৩০-এর ঘরে এবং যথেষ্ট প্রতিভা রয়েছে। তাই দ্রুতই তিনি নিজের ছন্দে ফিরবেন বলে আশা করছেন ক্যারি।
এদিকে দীর্ঘ বিরতির পর ম্যাট রেনশর দলে ফেরাকে ইতিবাচকভাবে দেখছেন অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার। ২০২৩ সালের পর আবারও টেস্ট দলে সুযোগ পাওয়া রেনশর মানসিকভাবে ভালো অবস্থায় রয়েছেন বলে মনে করেন তিনি।
ক্যারি বলেন, রেনশ আন্তর্জাতিক ক্রিকেটে আগেও খেলেছে। গত কয়েক বছরে তার উন্নতি তিনি কাছ থেকে দেখেছেন। সাদা বলের ক্রিকেটেও রেনশ ভালো খেলেছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবিলা করেছেন।
রেনশর সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে ক্যারি বলেন, গত মৌসুমে শেফিল্ড শিল্ডে দারুণ খেলেছেন তিনি। কুইন্সল্যান্ডের হয়ে ওপেন করার পাশাপাশি গত বছর তিনটি সেঞ্চুরিও করেছেন রেনশ।
রেনশর ব্যাটিংয়ের পরিণতিও ক্যারির নজর কেড়েছে। তার মতে, বয়স বাড়ার সঙ্গে নিজের খেলা ও সামর্থ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা তৈরি হয়েছে রেনশর। আক্রমণাত্মক ব্যাটিং ও রক্ষণাত্মক খেলার মধ্যে ভালো ভারসাম্যও তৈরি করেছেন তিনি।
ক্যারি বলেন, রেনশ অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। ভারত ও সিডনিতে তার টেস্ট সেঞ্চুরি রয়েছে। ফলে বিভিন্ন কন্ডিশনে ভালো করার সামর্থ্য তার আছে।
ট্রাভিস হেডের সঙ্গে রেনশ ওপেনিংয়ে ভালো করবেন বলেও আশা প্রকাশ করেছেন ক্যারি। তার মতে, জাতীয় দলে ফিরে আসার এই সুযোগ রেনশ অবশ্যই কাজে লাগাতে মুখিয়ে থাকবেন।