বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

File Photo
File Photo

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তরুণ মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি একটি আত্মহত্যা। এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, "মরদেহ উদ্ধারের পর রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়েছেন। স্বজনদের দেওয়া তথ্য মতে, এক যুবকের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তাদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।"

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি নাটক ও ডিজিটাল কনটেন্টে নিয়মিত কাজ করতেন রিধিকা রিধি। তার অভিনীত উল্লেখযোগ্য একক ও ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে—‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ এবং ‘সুন্দরী’।