কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই

কাদা ছোড়াছুড়ি করতে চাই না, সত্য সামনে আসবেই

মুক্তমন রিপোর্ট : ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে কোনো পক্ষের সঙ্গে পাল্টাপাল্টি মন্তব্য করে বিতর্ক বাড়াতে চান না তিনি। নিজের কাজ, পরিবার ও মানসিক শান্তিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন, গুঞ্জন নিয়ে সব কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই। নিজের বক্তব্য দিতে গিয়ে বিষয়টি আরও জটিল করতে চান না তিনি।

তার ভাষায়, ‘আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব—এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।’

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাদিয়া বলেন, আপাতত প্রেম বা সম্পর্কের চেয়ে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়াতেই বেশি মনোযোগী তিনি।

সাদিয়া আয়মান বলেন, ‘আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী।’

জীবনের সঠিক সময় এলে যা হওয়ার তা স্বাভাবিকভাবেই হবে বলেও মনে করেন তিনি। তার মতে, মানুষ অনেক পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সবকিছু নিজের পরিকল্পনা অনুযায়ী হয় না।

ক্যারিয়ারের শুরুতে থাকায় অহেতুক বিতর্কে জড়িয়ে নিজের সময় ও শক্তি নষ্ট করতে চান না সাদিয়া আয়মান। বর্তমানে শুটিং, পরিবার এবং নিজের পোষা বিড়ালের যত্ন নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি।

অভিনেত্রী বলেন, এখন তার বয়স ও ক্যারিয়ারের পর্যায়ে এসব বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন মনে করেন না। ভবিষ্যতে যখন তিনি আরও অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত হবেন, তখন নিজের গল্প বললে সেটির গুরুত্বও বেশি থাকবে বলে মনে করেন।

নিজের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘আমার মেন্টাল হেলথ আমি খুবই প্রটেক্ট করি। যেগুলো আমাকে মেন্টাল হেলথে ইফেক্ট করতে পারে, সেগুলোকে আমি পাত্তাই দিই না।’

সাদিয়া আয়মান সাম্প্রতিক সময়ে নাটক, চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিশ উপস্থিতিও প্রায়ই ভক্তদের নজর কাড়ে।