এক রাতেই বদলে গেল শহর, প্রাগৈতিহাসিক যুগে টিকে থাকার লড়াই

দ্য এন্ড অব ওক স্ট্রিট সিনেমায় ডাইনোসরের মুখোমুখি পরিবার
দ্য এন্ড অব ওক স্ট্রিট সিনেমায় ডাইনোসরের মুখোমুখি পরিবার

মুক্তমন রিপোর্ট : ‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন হলিউড সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। গত শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমাটি তৈরি হয়েছে রহস্য, থ্রিল ও বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে।

সিনেমাটির গল্পের পটভূমি ১৯৮০-এর দশকের শুরুর সময়। ওক স্ট্রিট এলাকায় মা-বাবা ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে প্ল্যাট পরিবার। বাইরে থেকে তাদের সংসার স্বাভাবিক ও সুখী মনে হলেও পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব এবং নানা সংকট।

তবে এক রাতেই বদলে যায় তাদের পরিচিত পৃথিবী।

এক রহস্যময় মহাজাগতিক ঘটনার পর পুরো ওক স্ট্রিট এলাকা রাতারাতি রূপান্তরিত হয় প্রাগৈতিহাসিক যুগে। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্ল্যাট পরিবারের সদস্যরা দেখতে পান, তাদের পরিচিত শান্ত শহরতলি আর আগের মতো নেই।

চারপাশে নেই পরিচিত নগরজীবন। বরং উন্মুক্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিশালাকার ডাইনোসর। মুহূর্তেই নিজেদের ঘরের নিরাপদ জীবন বদলে গিয়ে ভয়ংকর এক বাস্তবতার মুখোমুখি হয় পরিবারটি।

এমন প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের পারিবারিক দূরত্ব ভুলে একসঙ্গে বেঁচে থাকার চেষ্টা শুরু করে প্ল্যাট পরিবারের সদস্যরা। ডাইনোসরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি তাদের মোকাবিলা করতে হয় চারপাশের অজানা বিপদ ও আতঙ্ক।

পরিবারের সম্পর্কের টানাপোড়েন এবং ভয়ংকর পরিবেশের মধ্যে টিকে থাকার এই লড়াই নিয়েই এগিয়েছে সিনেমাটির গল্প।

সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। থ্রিল, সাসপেন্স ও সারভাইভালধর্মী গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

বাংলাদেশে বর্তমানে স্টার সিনেপ্লেক্সে উপভোগ করা যাচ্ছে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।