ইউএইয়ের সাংবাদিকতায় নক্ষত্রপতন, ওবাইদ আল মাজরুই আর নেই

‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও ইউএইয়ের প্রবীণ সাংবাদিক ওবাইদ হুমাইদ আল মাজরুই
‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও ইউএইয়ের প্রবীণ সাংবাদিক ওবাইদ হুমাইদ আল মাজরুই

মুক্তমন রিপোর্টার : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং ‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ওবাইদ হুমাইদ আল মাজরুই আজ সকালে মারা গেছেন।

১৯৩৫ সালে আজমানে জন্মগ্রহণ করেন ওবাইদ আল মাজরুই। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থেকে তিনি ইউএইয়ের গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭৪ সালে ‘আল ফজর’ পত্রিকা প্রকাশের লাইসেন্স পান তিনি। ১৯৭৫ সালের ১৭ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এরপর ১৯৭৮ সালে ‘আল ফজর’ দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ সময় ধরে পত্রিকাটির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি দেশটির সংবাদপত্র শিল্পে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

সাংবাদিকতার পাশাপাশি আল মাজরুই ছিলেন একজন কবি ও লেখক। ইউএইয়ের সাহিত্য, কবিতা ও ঐতিহ্যচর্চায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। গণমাধ্যমের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

তাঁর মৃত্যুতে ইউএইয়ের সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে গণমাধ্যম ও সংস্কৃতিতে তাঁর অবদান দেশটির সাংবাদিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।