দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সাভার: দেশের বিশাল যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (১৫ আগস্ট) সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এখানে সবার দায়িত্ব রয়েছে। আমি সবাইকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালনের আহ্বান জানাই।”

কর্মশালায় অংশগ্রহণকারীদের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রস্তাব আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনায় প্রতি চার মাস পরপর সভা আয়োজন করা হবে বলেও জানান।

আধুনিক হচ্ছে যুব প্রশিক্ষণ ব্যবস্থা

যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুব প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে আমিনুল হক বলেন, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হলেও সময়ের সঙ্গে অপ্রয়োজনীয় ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

এর অংশ হিসেবে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং ও থার্ড ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় আধুনিক প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার বিষয়টিও পর্যালোচনা করছে মন্ত্রণালয়।

ঋণের অপব্যবহারে ‘জিরো টলারেন্স’

যুবদের আত্মনির্ভরশীল করতে সরকারি ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ঋণের অর্থ যেন কোনোভাবেই অনিয়মের কাজে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে আসা এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

প্রশিক্ষিত যুবদের কেন্দ্রীয় ডাটাবেজ

প্রশিক্ষিত যুবদের যথাযথ মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে বলেও জানান আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।