নিজস্ব প্রতিবেদক : সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর মিরপুর-০২ এলাকায় এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যেই ঢাকাকে 'ক্লিন অ্যান্ড গ্রিন' রাখার ঘোষণা দিয়েছেন এবং এ সংক্রান্ত ঘোষণা বাস্তবায়নে কঠোর অনুশাসন জারি করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন জারির পর থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, ঢাকা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে এবং মশা পূর্ণ নিয়ন্ত্রণে আনতে স্কুল-কলেজ পর্যায় থেকে সচেতনতামূলক বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে, যা প্রতি সপ্তাহে নিয়মিত চলমান রয়েছে এবং অব্যাহত থাকবে।
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, “শুধু সিটি কর্পোরেশন একা এটি বাস্তবায়ন করতে পারবে না। প্রতিটি পাড়া-মহল্লা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। ঢাকা শহর আপনার, আমার—আমাদের সবার। চলার পথে ব্যবহৃত টিস্যু কিংবা পানির খালি বোতল নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলুন। আমরা সবাই সচেতন হলে রাস্তায় কোনো বিচ্ছিন্ন আবর্জনা থাকবে না। আমরা নগরবাসীকে একটি সুন্দর ও পরিবেশবান্ধব শহর উপহার দিতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি ডিএনসিসির এই পরিচ্ছন্নতা অভিযানে পূর্ণ সমর্থন জানিয়ে নগরবাসীকে সক্রিয়ভাবে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযান ও র্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।