এডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান
নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান

মুক্তমন রিপোর্টার : বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) বিমান বাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাকে নতুন র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধানের কাঁধে এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে নৌ-প্রশিক্ষণ সম্পন্ন করার পর ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। নিজ ব্যাচে জ্যেষ্ঠতা ও মেধায় তিনি প্রথম স্থান অর্জন করেন।

কর্মজীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট এবং নৌবাহিনী সদর দপ্তরের পরিচালক নৌ-অপারেশন্সসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ নেভাল একাডেমি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি এমফিল এবং কৌশলগত, প্রতিরক্ষা ও অপারেশনাল স্টাডিজে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

আন্তর্জাতিক পর্যায়েও তার রয়েছে অভিজ্ঞতা। লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি। সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ভূমিকা রাখেন।

দীর্ঘ কর্মজীবনে খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি), ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

তিনি তিনবার নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়াও অর্জন করেন। পাশাপাশি ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ পুরস্কার, সেরা ব্যক্তিগত গবেষণাপত্র পুরস্কার এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার প্রশিক্ষণে সেরা শিক্ষার্থী পুরস্কার লাভ করেন।

সামরিক দায়িত্বের পাশাপাশি তিনি সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং নৌ-কৌশল নিয়ে লেখালেখি ও গবেষণার সঙ্গে যুক্ত। বিভিন্ন জার্নাল ও সাময়িকীতে তার গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।