এফবিসিসিআইতে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

এফবিসিসিআইতে ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-তে ১৬ সদস্যের একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হক এ কমিটি গঠন করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) গঠিত এই কমিটিতে সাতটি চেম্বার ও নয়টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত রোববার (২ আগস্ট) মো. ফজলুল হক আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

চেম্বার গ্রুপ থেকে সহায়ক কমিটির সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।

অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সদস্য হয়েছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, বিএবির সভাপতি আবদুল হাই সরকার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এ সহায়ক কমিটি গঠন করা হয়েছে। অতীতেও প্রশাসকদের দায়িত্বকালে একই ধরনের সহায়ক কমিটি গঠনের নজির রয়েছে।

গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে সাবেক প্রশাসক আবদুর রহিম খানের দায়িত্বের মেয়াদ ২৭ জুন শেষ হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবির মুখে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।