ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োজিত নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন।

সম্মেলনে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম. কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম ও মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা নর্থ জোনপ্রধান এ কে এম মাহবুব মোরশেদ, ঢাকা সাউথ জোনপ্রধান আব্দুস সোবহান এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নতুন প্রজন্মসহ সব শ্রেণি-পেশার গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

তিনি গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আমানত বৃদ্ধি, মানসম্মত বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং খেলাপি বিনিয়োগ কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. আলতাফ হুসাইন বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, গ্রাহকদের আস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী ব্যাংক অচিরেই দেশের ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূচকগুলোতে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে।

সম্মেলনে ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নির্ধারণ এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।