কানপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন দুই পাইলট

বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

মুক্তমন প্রতিবেদক : ভারতের উত্তর প্রদেশের কানপুরে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন অভিজ্ঞ প্রশিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি উড্ডয়ন করে। সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারি। তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অন্যজন প্রশিক্ষক ছিলেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেন। বিষয়টি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকে জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হবে।

ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘাস ও গাছপালায় ঘেরা এলাকায় বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে। বিমানের ধাতব অংশ দুমড়েমুচড়ে গেছে এবং ডানা ও সাদা প্যানেল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারানোর পর বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রশিক্ষণ বিমানটি ২০২৩ সালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল বলে জানা গেছে।

দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।