কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি ২০২৬-২৭ অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করছে।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ স্থানীয় সংসদ সদস্যরা।

দিনভর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

বেলা সাড়ে ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় এই সুবিধার আওতায় আসবেন।

এর মধ্যে মাসিক সম্মানী প্রদানের জন্য নির্বাচিত হয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।