কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহার

মুক্তমন রিপোর্টার : কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে কুষ্টিয়া মডেল থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এজাহারটি দায়ের করা হয়। এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য আমির হামজা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিলেন সংসদ সদস্য আমির হামজা। তিনি ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করার সময় জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ ওঠে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এজাহারে এমপি আমির হামজা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।

আমির হামজা বলেন, হামলার ঘটনার ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের নামেই এজাহার দায়ের করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।