মুক্তমন রিপোর্ট : মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে এই অঙ্গীকার বাস্তবায়নের পথ আরও দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে দেশের ১১টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়ই উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এসব দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে উপকূলের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। দুর্যোগের সংকটময় সময়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপকূলবাসীর পাশে রয়েছে।
মন্ত্রী বলেন, “মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণ—এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ জনকো তাকাশি।
উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার কার্যক্রম আরও কার্যকর ও দ্রুত করার লক্ষ্যে এসব রেসকিউ বোট হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, দুর্যোগের সময় দুর্গম ও পানিবেষ্টিত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনায় এসব নৌযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।