তারেকের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তা

তারেক রহমানের ভারত সফর নিয়ে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
তারেক রহমানের ভারত সফর নিয়ে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মুক্তমন প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি মাসে এ সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

ঢাকার পক্ষ থেকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার পাশাপাশি সন্দেহভাজন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তদেরও প্রত্যর্পণের দাবি জানিয়েছে ঢাকা।

তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ সরকারের দেওয়া বার্তার জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারত যে আমন্ত্রণ পাঠিয়েছে, সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে শুধু বিমসটেকের চেয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশের অসন্তোষ রয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তথ্য না থাকায় সফরের তারিখ ও অন্যান্য বিষয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।