মুক্তমন রিপোর্টার : কুয়েতে ভিজিট ভিসা এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিশেষ সুবিধা আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ওই তারিখের পর এসব ক্ষেত্রে আগের প্রচলিত নিয়ম কার্যকর হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতে থাকা বিভিন্ন শ্রেণির ভিজিট ভিসাধারীদের জন্য সাময়িকভাবে স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। একই সময়ে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের মেয়াদও অতিরিক্ত তিন মাস বাড়ানোর ব্যবস্থা করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে এই দুই ধরনের বিশেষ সুবিধা আর বহাল থাকবে না। ফলে ভিজিট ভিসা ও ছুটির মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আগের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বিমান চলাচল ও আন্তর্জাতিক যোগাযোগে নানা ধরনের বিঘ্ন দেখা দেয়। এতে অনেক ভিজিট ভিসাধারী নির্ধারিত সময়ের মধ্যে কুয়েত ছাড়তে পারেননি। পাশাপাশি ছুটিতে থাকা অনেক প্রবাসীর পক্ষেও নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফেরা সম্ভব হয়নি।
এ কারণে অনিচ্ছাকৃতভাবে ভিসা বা আবাসনসংক্রান্ত নিয়ম ভঙ্গের ঝুঁকি কমাতে কুয়েত সরকার নির্দিষ্ট কিছু ভিজিট ভিসা এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের জন্য স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা চালু করেছিল।
তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার সেই সাময়িক সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারী এবং বিদেশে থাকা প্রবাসীদের ১ সেপ্টেম্বরের পর ভিসা ও ছুটির মেয়াদের বিষয়ে আগের নিয়ম মেনে চলতে হবে।