গোদাগাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীর কেশবপুরে গৃহবধূ সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে
গোদাগাড়ীর কেশবপুরে গৃহবধূ সাথীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে

মুক্তমন রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের মেয়ে। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে সাথীর বিরোধ চলে আসছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এর কিছু সময় পর বিকেলে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাথীর মরদেহ দেখতে পান স্বজনরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ২৫ আগস্ট রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৪। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।