মুক্তমন রিপোর্ট: াঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ-বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মুদ্রার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (৮ আগস্ট) রাতে একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল জাল বিদেশি মুদ্রার নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনকে জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে শনাক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই বাড়িটি জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে বিভিন্ন দেশের জাল মুদ্রা তৈরি করা হতো।
জাল মুদ্রা তৈরির মূল হোতাকে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।