মুক্তমন রিপোর্ট: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তার নিউইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই অধিবেশনের কার্যক্রম পরিচালিত হবে।
সূত্র জানায়, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার বিষয়েও সফরে গুরুত্ব দেওয়া হতে পারে।
সার্বিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের বিস্তারিত সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার কাজ চলছে।