মুক্তমন রিপোর্ট: পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আর কোনো সুযোগ নেই। জনগণ তাকে আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কিছু কর্মসূচি দেখে দেশে তাদের পক্ষে পরিবেশ তৈরি হয়েছে মনে হতে পারে। তবে মাঠের বাস্তবতা ভিন্ন। বিচ্ছিন্ন কিছু কর্মকাণ্ড দেখে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি হয়েছে—এমন ধারণা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন—এমন প্রচার থাকলেও জনগণের মধ্যে তার কোনো গ্রহণযোগ্যতা নেই।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে নানা নির্যাতনের মুখোমুখি হলেও তিনি মনোবল হারাননি। তরুণদের সাহস জোগানো এবং জুলাইয়ের চেতনা ধারণ করাই ছিল তাদের দায়িত্ব।
রাজনৈতিক বিভাজন ও সংঘাত এড়িয়ে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভক্তির সুযোগ কাজে লাগাতে পারে আওয়ামী লীগ।
জুলাই সনদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি অবশ্যই বাস্তবায়ন হবে।
আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।