জুলাই গণঅভ্যুত্থানে কওমী ছাত্রদের স্মরণে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালনের প্রস্তুতি

জুলাই গণঅভ্যুত্থানে কওমী ছাত্রদের স্মরণে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার ছাত্রদের ভূমিকা, আত্মত্যাগ ও অবদান স্মরণে এ বছরও ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জুলাই) জাতীয় সংসদ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কক্ষে আয়োজিত এ সভায় ১৫টি কওমী মাদ্রাসা সংগঠন, দুটি অরাজনৈতিক সংগঠন এবং মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, গত বছরের ধারাবাহিকতায় এবারও ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উদযাপনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মত্যাগ, সংগ্রাম ও অবদান জাতির সামনে তুলে ধরা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আয়োজন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জুলাই জোটের সাধারণ সম্পাদক মাওলানা জামিল সিদ্দিকী, তরুণ আলেম প্রজন্ম-২৪-এর সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, সাধারণ আলেম সমাজের মুখপাত্র মাওলানা রিদওয়ান হাসান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মো. রায়হান আলী, শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামাল উদ্দীন, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রিদওয়ান মাজহারী, বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাকছুদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম আইনী, ইসলামী ছাত্র আন্দোলনের কওমী মাদ্রাসা সম্পাদক সাইদ আবরার, ইসলামী ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শাহীন, জুলাই ম্যাসাকার আর্কাইভের কো-ফাউন্ডার হাসান ইনাম, জুলাই মাদ্রাসা শহীদ পরিবারের প্রতিনিধি আকিফ আব্দুল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সভায় অংশগ্রহণকারীরা অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অবদান সংরক্ষণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।