মুক্তমন রিপোর্ট : রাজধানীর সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক হাফসা বেগমের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির প্রায় এক ঘণ্টার মধ্যেই সেই আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এএসএম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপনে বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক হাফসা বেগমকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক হাফসা বেগম বর্তমানে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এবং বাংলা বিভাগের অধ্যাপক।
তবে ওই প্রজ্ঞাপন জারির কিছুক্ষণ পরই একই শাখা থেকে তার বদলি বা পদায়নের আদেশ বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলী।
বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাফসা বেগমের সরকারি বাঙলা কলেজে অধ্যক্ষ হিসেবে বদলি বা পদায়নের আদেশটি ‘প্রশাসনিক কারণে’ নির্দেশক্রমে বাতিল করা হলো।
একই দিনে একই কর্মকর্তার নিয়োগ ও পরবর্তীতে তা বাতিলের ঘটনায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
গুঞ্জন নিয়ে আলোচনা
শিক্ষা ক্যাডারের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, অধ্যাপক হাফসা বেগমের পরিবার জামায়াতঘেঁষা—এমন একটি গুঞ্জন রয়েছে। তাদের ধারণা, এ বিষয়টি তার বদলি বা পদায়নের আদেশ বাতিলের পেছনে ভূমিকা রাখতে পারে।
তবে এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি বা গুঞ্জন মাত্র। শিক্ষা মন্ত্রণালয়ের বাতিলের প্রজ্ঞাপনে এমন কোনো রাজনৈতিক বা পারিবারিক কারণ উল্লেখ করা হয়নি। সেখানে কেবল ‘প্রশাসনিক কারণে’ বদলি বা পদায়নের আদেশ বাতিলের কথা বলা হয়েছে।
ফলে মাত্র এক ঘণ্টার ব্যবধানে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ এবং তা বাতিলের ঘটনায় প্রকৃত কারণ কী—তা নিয়ে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।